কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে এমন একটি চুক্তিতে আনতে চাপ দিচ্ছে, যার মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটে। সেই সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন করে হামলা চালানো বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
যেসব মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে তাঁদের মধ্যে দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও সেটির পাহারায় থাকা কয়েকটি যুদ্ধজাহাজে অবস্থানরত প্রায় ছয় হাজার সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। এ ছাড়া ওই সেনাদের মধ্যে বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং তাঁদের সঙ্গে থাকা মেরিন কোরের টাস্কফোর্স, ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও প্রায় ৪ হাজার ২০০ সদস্য রয়েছেন। তাঁরা চলতি মাসের শেষ দিকে ওই অঞ্চলে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

